ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৩ জন করোনার উপসর্গে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন এবং টাঙ্গাইল ও শেরপুর জেলার ১ জন করে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও এর উপসর্গে ৪৮২ জন এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।
টাঙ্গাইল সদরের ইনসান আলী (৭২) করোনায় মারা গেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মালেক খান (৫৫) ও গোলাপী (৫৫) এবং শেরপুর সদরের মোফাজ্জল (৭২) করোনার নানা উপসর্গে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জনসহ ৯৫ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন। জেলায় করোনায় মোট ২৮০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১ হাজার ১০৪ জন হোম আইসোলেশনে আছেন।