ময়মনসিংহ মেডিকেলে চলতি মাসে সবচেয়ে কম মৃত্যু গত ২৪ ঘণ্টায়
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় চারজন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার তিনজন এবং শেরপুর ও গাজীপুরের একজন করে আছেন। চলতি মাসে এই হাসপাতালে এটিই সবচেয়ে কম মৃত্যুর ঘটনা।
গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এক দিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছিল এই মাসে। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), গফরগাঁও উপজেলার আনোয়ারা (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রঞ্জিত সাহা (৬০) ও গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫। এখন পর্যন্ত জেলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। জেলায় করোনায় মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে।