ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই গুরুতর অসুস্থ অবস্থায় অর্ধশতাধিক রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত এক সপ্তাহে করোনা ইউনিটে ৫১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গড়ে প্রতিদিন প্রায় ৭৩ জন করে নতুন রোগী আসছেন।
হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি মাসের ২৯ জুলাই পর্যন্ত করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে মারা গেছেন ১২১ জন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের তুলনায় উপসর্গে মৃত্যু হচ্ছে তুলনামূলক বেশি। অন্যদিকে হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে ৬০–৬৫ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছর ২১০টি সাধারণ শয্যা ও ১০টি আইসিইউ শয্যা নিয়ে ডেডিকেটেড করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে শয্যাসংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে ৪৭৫টি শয্যা রয়েছে। আইসিইউর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২২টি। বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলাসহ সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার করোনায় আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার ভরসাস্থল এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে কোভিড ও নন–কোভিড মিলে ৪৫৩ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন ছিলেন। ওয়ান–স্টপ ফ্লু কর্নারে প্রতিদিন হোম কোয়ারেন্টিনে থাকা রোগীরা সেবা পাচ্ছেন। টেলিমেডিসিনেও সেবা নিচ্ছন গড়ে ৫০ জন।
করোনা ইউনিটের চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় রাজন ইসলাম জানান, দুই দিন আগে শ্বাসকষ্ট নিয়ে তাঁর ভাইকে মুর্মূষু অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চিন্তা করছিলেন তিনি। কিন্তু এখানে ভালো চিকিৎসা পাওয়ায় তিনি খুশি।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। সে অনুযায়ী নিয়মিতভাবেই চিকিৎসক নিয়োজিত রয়েছেন। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, যেমন অক্সিজেন ও ওষুধের মজুত বাড়ানো হয়েছে। হাসপাতালের ১৩টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ২৯টি হাই ফ্লো নাজাল ক্যানুলা, ২২টি ভেন্টিলেটর এবং ৮৪৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর বাইরেও সংকট মোকাবিলায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ১ হাজার ৯২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। ১৩ জন ইন্টার্ন চিকিৎসকের তিন মাসের বেতন বাবদ নগদ চার লাখ টাকাও দিয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশন, ময়মনসিংহ ক্লাব, চেম্বার অব কমার্সসহ অনেক ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ সহায়তা দিতে এগিয়ে এসেছেন।
হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম জানান, করোনায় চার শতাধিক রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ১০০ চিকিৎসক ও ৩ শতাধিক নার্সসহ কর্মচারী নিয়োজিত। অতিরিক্ত রোগীর চাপ থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্তরিকতায় সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর প্রথম আলোকে বলেন, প্রতিদিনই করোনা রোগীর চাপ বাড়ছে। করোনা ইউনিটে শয্যাসংখ্যা চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা হচ্ছে। হাসপাতালে বিনা মূল্যে ওষুধ প্রদানসহ ১০ হাজার লিটারের কেন্দ্রীয় সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, আইসিইউর সংখ্যা সীমিত হওয়ায় বেশির ভাগ রোগীকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।