ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন করোনায় এবং অপর সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এক দিনে এ হাসপাতালে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগের ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছিল। আজ শুক্রবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার ৬২১টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ২৩ দশমিক ৬৭ শতাংশ। এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৮ হাজার ১৮২। সুস্থ হয়েছেন ৭ হাজার ২০৬ জন। করোনায় মারা গেছেন ৮৪ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ জেলার ৫ জন, শেরপুর ও যশোর জেলার ১ জন করে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ময়মনসিংহ ও জামালপুর জেলার ২ জন করে, শেরপুর, নেত্রকোনা ও গাজীপুর জেলার ১ জন করে রয়েছেন।
মহিউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে করোনা ইউনিটে ২৩৮ জন এবং আইসিইউতে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেলিনা (৫০), জামালপুর সদর উপজেলার আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫) ও গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮)। আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ ব্যক্তি হলেন ময়মনসিংহ নগরের বিষু সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আবদুল মতিন (৫৮) ও আবদুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) এবং শেরপুর সদর উপজেলার আবদুল জলিল (৭৫)।