ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় দুজন ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার পাঁচজন এবং শেরপুর জেলার একজন আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। চলতি সেপ্টেম্বরে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গে ৪৮২ জন এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার আবদুল বারেক (৬১) এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মো. সোলায়মান (৭৩)। এ ছাড়া ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকার আমেনা (৮০) ও মেহেরুন্নেসা (৭৫) এবং ফুলপুরের তোফাজ্জল (৭০) করোনার নানা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জনসহ ১৪০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে সাতজন চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩১৮ জন। করোনায় জেলায় মোট ২৭৪ জনের মৃত্যু হয়েছে।