ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১৭ জন মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ৭ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ১০ জন নারী। তিনি জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৮ রোগীসহ ভর্তি আছেন ৫৫১ জন। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি থাকার রেকর্ড এটি। ভর্তি রোগীদের মধ্যে আইসিইউতে আছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন।

করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুল কাইয়ুম (৬০), নেত্রকোনা সদরের বেদেনা (৬৫) ও হানিফা (৬৭), নরসিংদীর আবদুল মোতালেব (৬১) এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শামসুন্নাহার (৬৮)।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় আরও ৪৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৯২ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১৫ হাজার ৯৯৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৬৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৭০ জন। বর্তমানে ৩ হাজার ৮৩২ জন আইসোলেশনে আছেন।