ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোসলেম উদ্দিন (৭০)। তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। গত চার মাসের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যুর ঘটনা এটি। সেপ্টেম্বরে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭২ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে করোনা ও উপসর্গে ৪৮২ জন এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয় এ হাসপাতালে।
এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জনসহ আজ সকাল পর্যন্ত ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে আইসিইউতে আটজন চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৩৪০টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৯ দশমিক ৭১। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৩১ জনের। জেলায় করোনায় মোট ২৮৪ জনের মৃত্যু হয়েছে।