ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এ হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।

গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়া রোগীদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার তিনজন ও টাঙ্গাইলের একজন।

এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০০ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের হিসাবে গড়ে প্রতিদিন চারজনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে এখানে। এর আগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে জুলাইয়ে ৪৮২ এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয় এ হাসপাতালে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৬ দশমিক ৫৯। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন। জেলায় করোনায় ২৮৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭৫২ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।