ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনের ব্যবধানে আবারও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় ৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৯ জন এবং জামালপুরের ১ জন। আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছিল।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত এই ১০ জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী এবং ৫ জন পুরুষ। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও করোনার উপসর্গে ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আবু আলী (৮৭), ভালুকার আবুল কাশেম (৮০), ত্রিশালের আবদুল মোতালেব (৬৫) ও গফরগাঁওয়ের আমেনা বেগম (৯০)।

এ ছাড়া ময়মনসিংহ সদরের নাসরিন (৩০), ত্রিশালের মজিদা খাতুন (৭০), ভালুকার সালমা (৭০), হালুয়াঘাটের আবদুর রহমান (৭২), মুক্তাগাছার আনোয়ারা বেগম (৫০) ও জামালপুর সদরের ইন্তাজ আলী (৭৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জনসহ আজ সকাল পর্যন্ত ১৯৮ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন। গতকাল সুস্থ হয়ে ২৫ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৮১ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।

জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৮০৩টি নমুনা পরীক্ষায় ১৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৯৩। জেলায় করোনায় এখন পর্যন্ত মোট ২৬১ জনের মৃত্যু হয়েছে।