ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। আজ শনিবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০), নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫) ও পূর্বধলা উপজেলার আবদুল কাদের (৭০)। করোনা উপসর্গ নিয়ে যাঁরা মারা গেছেন, তাঁরা হলেন ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), ইয়াকুব আলী (৬৫), রতন মিয়া (৩৫), ভালুকা উপজেলার রমিজা খাতুন (৫৫), ফুলবাড়িয়া উপজেলার ইয়াদ আলী (৭৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা (৬৫) ও জামালপুর বকশীগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।


হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও সাতজন পুরুষ। করোনা ইউনিটে নতুন ৪৭ জনসহ এখন পর্যন্ত ৪৯৭ জন ভর্তি আছেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ জন চিকিৎসাধীন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ১৭ হাজার ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণে মারা গেছেন ১৮৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯৫ জন।