ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় ৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৯ জন। এ ছাড়া নেত্রকোনার ৩ জন, জামালপুরের ১ জন ও শেরপুরের ১ জন।

গতকাল শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাত নারী এবং সাত পুরুষ। চলতি আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও করোনার উপসর্গে ৩৩২ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন এখানে ১৭ জন মারা যাচ্ছেন। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশাল উপজেলার আসমা (৪০), ভালুকা উপজেলার নার্গিস (৬৫), মুক্তাগাছা উপজেলার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সুরুজ্জামান (৮০)।

করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জনসহ আজ সকাল পর্যন্ত ২৪৭ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া শুক্রবারে সুস্থ হয়ে ৩৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫২ জন ওয়ান–স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৪। জেলায় করোনায় এখন পর্যন্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে।