ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ১০ জন। বাকি ৭ জন অন্যান্য জেলার।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হামিদা (৬১), জরিনা (৩৫) ও তাপস (২২), গফরগাঁও উপজেলার রিয়াজুদ্দিন (৭৫) ও রুবেল (৪০), ত্রিশাল উপজেলার মুরশিদা (৫০), মুক্তাগাছা উপজেলার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫) এবং পূর্বধলা উপজেলার ফরিদা (৫৩)।

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের হাজী দেওয়ান (১০১), ফরিদা বেগম (৬৭) ও সুফিয়া (৬৫), মুক্তাগাছা উপজেলার ইউসুফ আলী (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০) শেরপুর সদরের আবদুল মতিন (৫০), গাজীপুরের শ্রীপুর উপজেলার তাসলিমা (২৫) এবং সিরাজগঞ্জ সদরের ফজলা (৫০)।

করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জনসহ এখন পর্যন্ত ৪২০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ২২ জন চিকিৎসাধীন। গতকাল রোববার সুস্থ হয়ে ৭৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৮ জন। জেলায় আজ সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯৬ জন।