ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ২১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে অপর ১৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিদের মধ্যে ১৪ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ৭ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রহিমা (৬৫), তারাকান্দা উপজেলার ইলিয়াস আলী (৭০), ত্রিশালের আবদুল কুদ্দুস (৭০), জামালপুর সদরের আসমা (৭০), টাঙ্গাইল সদরের আবদুস সাত্তার (৪০) ও কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দিন (৬৮)।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষায় আরও ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১৬ হাজার ৬৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৮১ জন।