ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ১৮ জন। বাকি ৭ জনের মধ্যে নেত্রকোনার ৩, জামালপুরের ১, টাঙ্গাইলের ১, কিশোরগঞ্জের ১ ও শেরপুরের ১ জন।
করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের পরিমল চন্দ্র দে (৯০), নুরুল ইসলাম (৬০) ও নুরুল হুদা (৬৫), ত্রিশাল উপজেলার হাসিনা (৬২) ও আনোয়ারা বেগম (৭৭), তারাকান্দা উপজেলার ইউসুফ (৮০), হালুয়াঘাট উপজেলার বিজয় রিচিল (৬০), নান্দাইল উপজেলার আবদুল হেলিম (৬৫), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জাহানারা (৫৪) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাহমুদা (৬৪)।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী ও ১১ জন পুরুষ। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জনসহ ৩৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন। আজ সকাল পর্যন্ত ময়মনসিংহে করোনায় ২২৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪ হাজার ৫৮৬ জন হোম আইসোলেশনে আছেন।