ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও এর উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের দুজন এবং জামালপুর ও শেরপুরের একজন করে আছেন। এর আগে গত তিন দিনে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনার উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গ নিয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে এই হাসপাতালে জুলাই মাসে করোনা ও এর উপসর্গ নিয়ে ৪৮২ জন ও আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।

মহিউদ্দিন খান জানান, আজ সকাল পর্যন্ত নতুন ২৬ জনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ১২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১২ জন আইসিউতে চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল বুধবারে সুস্থ হয়ে ১৪ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪০১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৯। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭২১ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৮৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮১৪ জন বাড়িতে আইসোলেশনে আছেন।