ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ সদরের ধোবাউড়া উপজেলার ফ্লোরেন্স রন্ডি (৭৫) ও টাঙ্গাইলের আয়েশা খাতুন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ফ্লোরেন্স রন্ডি চার দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর করোনা শনাক্ত হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আহমেদ আলী (৬৫) ও নেত্রকোণার মঞ্জুরা (৫০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে ৪৮২ ও আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।

মহিউদ্দিন খান জানান, আজ সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৮ জনসহ ১০৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ২১। এখন পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯১ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।