ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় ৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন এবং জামালপুরের ২ জন।
গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও করোনার উপসর্গে ৩৭৮ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫৫), ত্রিশালের আমেনা খাতুন (৭০) ও জামালপুর সদরের রাবেয়া (৬৫)। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবদুর রহমান (৬৫), ফুলপুরের উসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৯ জনসহ আজ সকাল পর্যন্ত ১৯১ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৬। জেলায় করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে।