ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় তিনজন ও করোনার উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার সাতজন এবং অপরজন নেত্রকোনার বাসিন্দা।
গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটার মধ্যে এই আটজনের মৃত্যু হয়। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও করোনার উপসর্গে ৩৯২ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনায় মৃত তিনজন হলেন ময়মনসিংহের ত্রিশালের আক্তারা (৪৮), নান্দাইলের ফাতেমা খাতুন (৫৫) ও ফুলপুরের নুরুল ইসলাম (৭০)। এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালের ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছার আবদুল কাদের (৪৫), নান্দাইলের মোর্শেদ (৬২), গৌরীপুরের নজরুল ইসলাম (৫৬), নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফরিদা (৩৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জনসহ ভর্তি রোগীর সংখ্যা ১৭৪। তাঁদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৭ জন চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬২টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৭৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৯ জন। জেলায় করোনায় মোট ২৬৬ জনের মৃত্যু হয়েছে।