ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৭১। বোর্ডের অধীনে মোট ৬৯ হাজার ২১৭ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬৬ হাজার ২৫০ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন। পাস ও জিপিএ–৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছেন। আজ রোববার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা যায়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৩। পাসের হারে দ্বিতীয় স্থানে আছে জামালপুর জেলা। জামালপুরে পাসের হার ৯৫ দশমিক ৯৬। তৃতীয় স্থানে রয়েছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলায় পাসের হার ৯৫ দশমিক ৭০। এদিক থেকে চতুর্থ স্থানে থাকা শেরপুরে পাসের হার ৯৪ দশমিক ৩৪।
শিক্ষা বোর্ডের প্রকাশ করা তথ্য থেকে জানা যায়, ময়মনসিংহ বোর্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও পাসের সংখ্যায় মেয়েরা এগিয়ে। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ৩৫ হাজার ৫৪৯ জন আর ছেলের সংখ্যা ৩৩ হাজার ৬৬৮। ৩৪ হাজার ৪৬৫ মেয়ে এবং ৩১ হাজার ৭৮৫ ছেলে পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ১২৩ মেয়ে এবং ছেলে ৩ হাজার ৫৬৪ জন।