ময়মনসিংহে আ.লীগের সমাবেশে বিএনপি-জামায়াতকে প্রতিহতের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা হয়। রোববার বিকেলে ময়মনসিংহ রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে
ছবি: প্রথম আলো

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে জনসমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সমাবেশ করা হয়। এতে আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতকে প্রতিহতের ঘোষণা দেন নেতা–কর্মীরা।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, সম্প্রতি বিএনপি–জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য অপতৎপরতা শুরু করেছে। তারা দেশে ও বিদেশে সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক বক্তব্য ছড়াচ্ছে। সরকারের বিরুদ্ধে এ ধরনের অপতৎপরতা আওয়ামী লীগ প্রতিহত করবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। গত ১৩ বছরে দেশের মানুষের ভাগ্য বদল করেছে। মানুষের মাথা পিছু আয় বেড়েছে, দেশে পদ্মা সেতু হচ্ছে নিজেদের টাকায়। বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শে তাঁর কন্যা শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় আজ বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের মানুষের কাছে উদাহরণ।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কবীর উদ্দিন ভূঁইয়া, আমিনুল হক, মমতাজ উদ্দিনসহ জেলা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। বেশির ভাগ বক্তাই তাঁদের বক্তব্যে বিএনপি ও জামায়াত আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন। তাঁরা বিএনপি ও জামায়াতের এ নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগকে সজাগ থাকতে এবং প্রতিহত করার আহ্বান জানান।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে মিছিল আসতে থাকে। বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের কমিটির পদপ্রত্যাশী নেতাদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।