ময়মনসিংহে করোনায় মৃত কিশোরের কিডনির সমস্যা ছিল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া মোবারক হোসেন ওরফে শান্ত (১৬) নামের কিশোর কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিল। হাসপাতালের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবারকের মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী গ্রামে। সে গৌরীপুরের শিবপুর আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মোবারকের বাবা মো. কামাল হোসেন বলেন, ২১ জুলাই ঈদের পরের দিন তাঁর ছেলের শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলে কিডনির সমস্যায় ভুগছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর ছেলের একটি কিডনি অকেজো হয়ে গিয়েছিল। আরেকটি কিডনির কার্যক্ষমতা কমে এসেছিল। জ্বর নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির পর নমুনা পরীক্ষায় ছেলের করোনা শনাক্ত হয়।
কিশোরের মা মিনা আক্তার বলেন, তাঁর তিন ছেলে ও এক মেয়ে। মোবারক তাঁর বড় ছেলে। এত কম বয়সী ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন মা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক বলেন, কিশোর চিকিৎসাধীন থাকার সময়ে প্রশাসনিকভাবে তার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দীন খান প্রথম আলোকে বলেন, কিশোর মোবারক ছয় বছর ধরে কিডনির রোগে ভুগছিল। এই অবস্থায় হাসপাতালে ভর্তির পর তার করোনা ধরা পড়ে।