ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
ময়মনসিংহ মহানগরীর আকুয়া বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আকুয়া বাইপাস এলাকায় র্যাব–১৪–এর কার্যালয়ের সামনে মুক্তাগাছাগামী একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। নিহত দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।