ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের ইমাদুল হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী নার্গিস আক্তার (৩৫)। তাঁরা দুজনই ভালুকায় পোশাক কারখানায় চাকরি করতেন।
নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত ইমাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দিন বলেন, ইমাদুল হোসেন স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে ময়মনসিংহের নান্দাইলে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ব্যক্তিরা আহত ইমাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক।