ময়মনসিংহে দুই ভাই হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৩৬ জন আসামি

ময়মনসিংহে মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত দুজনের বাবা আলী আকবর বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

মামলায় চর সিরতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আজ সোমবার দুপুর পর্যন্ত এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গত শুক্রবার সকালে মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রফিকুল এবং ঢাকার একটি হাসপাতালে শফিকুল মারা যান। এ ঘটনায় গতকাল রাতে মামলা করেন বাবা আলী আকবর। মামলায় চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে আসামি করা হয়।

আজ দুপুর সোয়া ১২টায় চেয়ারম্যান আবু সাঈদের সঙ্গে যোগযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, আবু সাঈদকে হুকুমের আসামি করা হয়েছে। পুলিশ এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদে আইনের আওতায় আনবে।