ময়মনসিংহে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমা প্রকাশনের উদ্যোগে ময়মনসিংহ নগরে ছয় দিনব্যাপী বই মেলা উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের মেয়র মেয়র মো. ইকরামুল হক। বুধবার বিকেলে ময়মনসিংহ নগরের মুসলিম ইনস্টিটিউটে
ছবি: প্রথম আলো

আলোকিত সমাজ গড়তে হলে বই পড়তে হবে। বই জ্ঞানের গভীরতা বাড়ায়। সমাজকে আলোকিত করে। আজ বুধবার সন্ধ্যায় প্রথমা প্রকাশনের উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক।

ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আজ বুধবার থেকে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক। বক্তব্য দেন কবি ইয়াজদানী কোরায়শী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু তাহের, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আফজালুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি আনোয়ারা সুলতানা, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এবং ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথমার ব্যবস্থাপক মো. জাকির হোসেন।

বই মেলার উদ্বোেধন করেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী। প্রযুক্তি ব্যবহার করে তথ্য ও জ্ঞান অর্জন করা যায়। তবে ছাপার কাগজের বইয়ের জ্ঞান অর্জন করা আরও বেশি দরকার।

বক্তারা আরও বলেন, বই প্রকাশের বিষয়টি এখন পুরোটাই ব্যবসানির্ভর হয়ে গেছে। গুণমান যাচাই না করেই এখন বেশির ভাগ প্রকাশক অর্থের দিকে নজর রেখে বই প্রকাশ করছেন, যা মোটেই শুভ নয়। এমন একটি সময়ে প্রথমা প্রকাশন মানুষের আস্থা অর্জন করেছে। প্রথমা বই প্রকাশের ক্ষেত্রে ব্যবসার চেয়ে বইয়ের মান নিয়ে বেশি ভাবে।

প্রথমা প্রকাশনের উদ্যোগে ময়মনসিংহ নগরে ছয় দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। আজ বুধবার ময়মনসিংহ নগরের মুসলিম ইনস্টিটিউটে
ছবি: প্রথম আলো

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ কবি–লেখক এবং তরুণেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করে ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সভাপতি আবুল বাশার।

মেলার আয়োজক প্রথমা প্রকাশন সূত্রে জানা যায়, মেলাটি ২২ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে প্রথমার বই ছাড়াও অন্যান্য প্রকাশনা সংস্থার বই পাওয়া যাবে। প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।