ময়মনসিংহে বগি লাইনচ্যুত, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ নগরের বলাশপুরে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি আজ শুক্রবার লাইনচ্যুত হয়। এতে ময়মমনসিংহ–গৌরীপুর রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মহানগরীর বলাশপুর এলাকায় হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ময়মনসিংহের সঙ্গে ভৈরব, জারিয়া, মোহনগঞ্জ ও চট্টগ্রামের রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, শুক্রবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশনে প্রবেশ করার আগে প্রায় এক কিলোমিটার দূরে বলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেটিও ময়মনসিংহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকারী ট্রেনকে আবার লাইনে দাঁড় করান রেলওয়ের কর্মচারীরা। বেলা দুইটার দিকে হাওর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদি হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে যোগ দেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হঠাৎ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় হাওর এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ময়মনসিংহ-গৌরীপুর রেলপধে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জারিয়া লোকাল, বলাকা কমিউটার, মহুয়া কমিউটার, বিজয় এক্সপ্রেস, ভৈরব লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

বেলা দুইটায় ঢাকাগামী হাওর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করে ময়মনসিংহ রেলস্টেশনে নিয়ে আসা হয়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি মেরামত শেষে বেলা ৩টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।