ময়মনসিংহে ব্রহ্মপুত্রে চর জাগার কারণ জানালেন প্রকল্প কর্মকর্তা
খননের পর ব্রহ্মপুত্র নদে ‘পলি জমার কারণে’ কয়েকটি স্থানে চর জেগেছে বলে দাবি করেছেন খনন প্রকল্পের পরিচালক রকিবুল ইসলাম তালুকদার। চর জাগার কারণ নিয়ে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।
সরকারি একটি প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহে চলছে ব্রহ্মপুত্র নদের খননকাজ। খনন হওয়া একাধিক স্থানে জেগেছে ছোট ছোট চর। খননকাজের অসংগতির কারণেই চর জাগছে, এমন অভিযোগ তুলে সস্কৃতিকর্মীরা জেগে ওঠা চরে সাহিত্যপাঠ ও পথনাটক করে সমালোচনা করছেন। সাধারণ মানুষ খননের পর চর জাগার কারণে খননকাজের সমালোচনা করছেন। এমন অবস্থায় আজ চর জাগার কারণ নিয়ে মতবিনিময় সভা করলেন খনন প্রকল্পের পরিচালক রকিবুল ইসলাম তালুকদার।
রকিবুল ইসলাম তালুকদার জানান, খননের পর পলি (সিল) জমে কয়েকটি স্থানে চর জেগেছে। খননের আগে ব্রহ্মপুত্র নদ ছিল মরা। মরা নদে খননকাজ হলে কিছু কিছু স্থানে পলি জমতে পারে, এটির বৈজ্ঞানিক যুক্তি আছে।
রকিবুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জ জেলার মোট ২২৭ কিলোমিটার অংশে খননকাজ হবে। ইতিমধ্যে ১৬৩ কিলোমিটার অংশে খননকাজ শুরু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৯০ কিলোমিটার অংশে ব্রহ্মপুত্র নদের খননকাজ হয়েছে। এই ৯০ কিলোমিটারের মধ্যে ময়মনসিংহ শহরের কাছারিঘাট এলাকা, গফরগাঁও উপজেলার কিছু স্থানসহ মোট ৭ কিলোমিটার অংশে এমন পলি জমেছে। খনন হওয়া বাকি অংশে পানির স্বাভাবিক প্রবাহ রয়েছে।
সরকারি অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ, জামালাপুর ও কিশোরগঞ্জ জেলার মোট ২২৭ কিলোমিটার অংশ খনন করবে। এ খননের জন্য বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় নদের ৩০০ ফুট প্রস্থ ধরে খননকাজ হবে।
মতবিনিময় সভায় খনন প্রকল্পের পরিচালক রকিবুল ইসলাম তালুকদার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের দখলদারদের তালিকা প্রকাশ করবে খনন প্রকল্প। খননের প্রয়োজনে ওই সব অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। পরিচালক আরও বলেন, খনন প্রকল্পের ব্যয় ২ হাজার ৭০০ কোটি টাকা। তবে করোনার কারণে একসঙ্গে বেশি টাকা পাওয়ার সুযোগ নেই। ৫ বছরের প্রকল্পের ৩ বছর হতে চললেও এখন পর্যন্ত পাওয়া গেছে ২৮৯ কোটি টাকা। তবে আগামী বছর থেকে বেশি করে টাকা পাওয়া যাবে। তখন খননকাজ দ্রুত এগিয়ে যাবে।
ব্রহ্মপুত্র নদ ছাড়াও আগামী ২২ বছরের মধ্যে ময়মনসিংহ বিভাগের সব নদ–নদীই খনন করা হবে বলেও জানান প্রকল্প পরিচালক। এর মধ্যে ময়মনসিংহের সুতিয়া, শেরপুরের ঝিনাই নদ ও বংশী নদীর কথা উল্লেখ করেন তিনি।