ময়মনসিংহে ‍যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ মিয়া (৩০)
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পারভেজ মিয়া (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত পারভেজ মিয়ার বাড়ি ময়মনসিংহ নগরের গদ্রপা এলাকায়। তিনি ময়মনসিংহ নগরের ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এর আগে তিনি বিলুপ্ত আকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে নগরের গদ্রপা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পারভেজকে এলোপাতাড়ি ‍কুপিয়ে জখম করে। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে পারভেজ মিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ১০টা পর্যন্ত মামলা হয়নি।