ময়মনসিংহে শিক্ষার্থীদের মানববন্ধন শুরুর আগেই পুলিশের বাধা

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন শুরুর আগে বাধা দেয় পুলিশ। আজ সোমবার সকালে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে
প্রথম আলো

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার ময়মনসিংহ নগরে দুটি পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা হতে পারেনি।

পুলিশ বলছে, করোনা পরিস্থিতিতে জনসমাগম না করার নির্দেশনা আছে। এ কারণেই মানববন্ধন করতে দেওয়া হয়নি।

ময়মনসিংহের একাধিক ছাত্রসংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে শিক্ষার্থীরা এর ঘোষণা দেন।

দুটির মধ্যে একটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বেলা ১১টায় সরকারি আনন্দ মোহন কলেজের সামনে। এ জন্য শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সামনে জড়ো হতে শুরু করলে পুলিশও উপস্থিত হয়ে মানববন্ধন করতে নিষেধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশে বলে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতেই সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এটি সরকারি নির্দেশ। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। পরে শিক্ষার্থীরা আর মানববন্ধন করেননি।

দুপুর ১২টার দিকে নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দ্বিতীয় মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশ সেখানেও উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করতে নিষেধ করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, করোনা সংক্রমণের কথা বিবেচনায় রেখে শিক্ষার্থীদের জড়ো হতে দেয়নি পুলিশ। কিছু শিক্ষার্থী মানববন্ধন করতে এলে তাঁদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়।