ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলার দুই আসামি খুলনায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার দুজনই অপ্রাপ্তবয়স্ক। তারা দুজনই ত্রিশাল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গত ৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত দুই কিশোর এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ত্রিশাল উপজেলার একটি গ্রামের এক বাড়িতে ঢুকে ওই দুই কিশোর ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর বাড়িতে কেউ ছিল না। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে দুই কিশোর সেখান থেকে চলে যায়।

ঘটনার এক দিন পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে সে ধর্ষণের বিষয়টি তাঁর বড় বোনকে জানায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে ৮ ডিসেম্বর ওই শিশুর বাবা বাদী হয়ে ওই দুই কিশোরকে আসামি করে ত্রিশাল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই কিশোরকে গ্রেপ্তারের জন্য তৎপর ছিল।

র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রাতে খুলনা মহানগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ ময়মনসিংহ অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের ত্রিশাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।