আনন্দ মোহন কলেজ এলাকা ছিনতাইকারী ও বখাটেমুক্ত করার দাবি
ময়মনসিংহ নগরের সরকারি আনন্দ মোহন কলেজ এলাকায় গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। তাঁরা কলেজপাড়া এলাকাকে ছিনতাইসহ অন্যান্য অপরাধমুক্ত করার দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারি আনন্দ মোহন কলেজের আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাই হয়। ছিনতাইকারীরা এতটাই বেপরোয়া যে তারা শিক্ষার্থীদের ছুরিকাঘাত করতেও পিছপা হয় না। এ ছাড়া কলেজ এলাকায় অবস্থিত একাধিক ছাত্রীনিবাসের আশপাশের এলাকাতেও ছিনতাইকারী ও বখাটের দৌরাত্ম্য দেখা যায়। কলেজ এলাকায় কোনো অপরাধীকে দেখতে চান না শিক্ষার্থীরা। এ এলাকা শুধু শিক্ষার্থীদের আনাগোনায় মুখর থাকবে।
শিক্ষার্থীরা বলেন, সরকারি আনন্দ মোহন কলেজের আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাই হয়। ছিনতাইকারীরা এতটাই বেপরোয়া যে তারা শিক্ষার্থীদের ছুরিকাঘাত করতেও পিছপা হয় না।
শিক্ষার্থীরা আরও বলেন, মঙ্গলবার রাতে আনন্দ মোহন কলেজ এলাকায় খলিলুর রহমান নামের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করে এক ছিনতাইকারী। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে।
ছুরিকাহত খলিলুর রহমান দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।