ময়মনসিংহের সাংসদ আনোয়ারুল আবেদীন হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ আনোয়ারুল আবেদীন খান
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার তাঁকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল বুধবার তাঁর ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

সাংসদের মুখপাত্র রবি আকন্দ বলেন, গত শনিবার তিনি ময়মনসিংহ নগরের সানকিপাড়ার বাসা থেকে ঢাকার ন্যাম ফ্ল্যাটের বাসায় যান। সেখানে যাওয়ার পর তিনি হঠাৎ করে অসুস্থতা বোধ করতে থাকেন। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে সাংসদকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে রবি আকন্দ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। বুধবার সকালে ওই হাসপাতালে সাংসদের ওপেন হার্ট সার্জারি করা হবে। সাংসদের জন্য পরিবারের পক্ষ থেকে নান্দাইলবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।