ময়লা-আবর্জনায় দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
রংপুরের তারাগঞ্জ ও ইকরচালী হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের শেষ নেই। হাটের রাস্তায় দোকান বসানো এবং বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে।
উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট তারাগঞ্জ। দেশ স্বাধীনের পর ব্যক্তি মালিকানায় প্রথমে হাটটি গড়ে ওঠে। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় অল্প দিনেই এটি জমজমাট হয়ে ওঠে। বর্তমান এটি উত্তরাঞ্চলের অন্যতম গরু, ছাগল ও কাঁচামাল বেচাকেনার হাট হিসেবে ব্যাপক পরিচিতি। এ বছরে হাটটি সরকারি ইজারা দেওয়া হয়েছে ২ কোটি প্রায় ৪০ লাখ টাকায়। সপ্তাহের শুক্র ও সোমবার বসে এ হাট। বাকি ৫ দিন বসে বাজার। হাটের দিন ব্যাপক লোকসমাগম হয় হাটটিতে।
সরেজমিনে দেখা গেছে, হাটের পচা–গলা ময়লা নিয়মিত পরিষ্কার না করায় আস্তাকুঁড় (ডাস্টবিন) উপচে পড়েছে। দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে ক্রেতা সাধারণের প্রাণ।
তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘গোটা বাজার আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে ব্যবসায়ীরা অতিষ্ঠ। নিয়মিত হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইজারাদারকে বারবার ময়লা পরিষ্কার করার কথা বললেও তিনি শোনেন না। ময়লা-আবর্জনায় পুরোনো নালাটি ভরে গেছে। ওই নালা দিয়ে এখন আর পানি নিষ্কাশন হয় না। ২০২০ সালে নতুন আরেকটি নালা নির্মাণ করা হলেও ময়লা-আবর্জনার কারণে সেটি দিয়েও হাটের পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতে হাটে হাঁটুসমান পানি জমে কাদার সৃষ্টি হয়।’
আজ শনিবার তারাগঞ্জ চৌপথিতে কথা হয় অনন্তপুর গ্রামের কৃষক মিনহাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ভাইজান, সরকার খালি হামারটে টাকায় নেয়। কিন্তু হামার দুঃখকষ্ট দেখে না। তারাগঞ্জ হাটোত জায়গা না থাকায় হামরা কষ্টের ফসল বসি বেচবার পারি না। আস্তাত (রাস্তা) দারে কম দরে বেচবার নাগে।’
তারাগঞ্জ হাট ইজারাদার স্বপন মিয়া মুঠোফোনে বলেন, এ হাটের জায়গার সংকট। গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। বাইরের ব্যবসায়ীরা আসছেন না। নগদ টাকা দিলেও সুইপাররা কাজ করেন না। হাট নিয়ে বিপাকে পড়েছি। করোনার কারণে এবার অর্ধকোটি টাকা লোকসানের সম্ভাবনা আছে।
তারাগঞ্জ হাটের পরই সবচেয়ে বড় হাট হচ্ছে ইকরচালী। সরেজমিনে দেখা গেছে, হাটটি ঘিরে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। ময়লা-আবর্জনা আর দুর্গন্ধে একাকার। এর নোংরা পরিবেশ অনেককেই হাটবিমুখ করে তুলেছে। কাঁচামালপট্টি ও মাছপট্টিজুড়ে সৃষ্টি হচ্ছে এক অস্বাস্থ্যকর পরিবেশ। হাটে যেখানে–সেখানে গরু–ছাগল জবাই করা হয়। জবাই করা পশুর রক্ত-বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে। ফলে রক্ত-নোংরা পানির দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। মাছের বাজার বসেছে খোলা জায়গায় নোংরা পরিবেশে। এখানে সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও রোববার এই তিন দিন হাট বসে। হাটের একমাত্র গণশৌচাগারটি দীর্ঘদিন ধরে নষ্ট।
হাটের মুদিদোকানি সাইফুল ইসলাম বলেন, নয় বছর ধরে এ বাজারে কোনো উন্নয়ন নেই। বাজারের পানিনিষ্কাশনের নালাটি ময়লা–আবর্জনায় ভরে গেছে। সামান্য বৃষ্টিতে হাটের ভেতর হাঁটুসমান কাদা-পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়। কাদার কারণে ব্যবসায়ীরা হাটের নির্ধারিত স্থানে বসতে না পেরে হাটের ভেতর দিয়ে চলে যাওয়া ইকরচালী-মেনানগর সড়কের ওপর মালামাল নিয়ে বিক্রির জন্য বসতে হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মেনানগর গ্রামের শিক্ষিত যুবক হারুন মিয়া বলেন, এ হাটের ভেতরেই গরু, ছাগল জবাই করা হয়। পচা রক্ত, নোংরা পানি ও মাটির দুর্গন্ধে মাংসের বাজারে যাওয়া যায় না। নাক-মুখ চেপে ধরে মাংস কিনতে গেলেও বমি বের হয়।
বাজারের ওষুধ ব্যবসায়ী রানা মিয়া বলেন, এ বাজারে নির্মিত গণশৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় ক্রেতা ও বিক্রেতাদের প্রাকৃতিক কাজ সারতে হয় খোলা আকাশের নিচে। এ কারণে হাটের পরিবেশ দূষিত হচ্ছে।
এ হাটের মাংস বিক্রেতা শরীফুল ইসলাম বলেন, ‘জায়গার অভাবে হাটে পশু জবাই করা হয়। জায়গা পেলে আমরা হাটের ভেতর পশু জবাই করব না। আর ময়লা-আবর্জনা তো যেখানে–সেখানে ফেলার অভিযোগ ঠিক না।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা না থাকায় ব্যবস্থা নেওয়া হয়নি। শিগগিরই হাটের ময়লা–আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’