যত কষ্টই হোক, উচ্চশিক্ষা নিতে চান মনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদম্য মেধাবী মনিরা খাতুন
ছবি: সংগৃহীত

নানা প্রতিকূলতা পেরিয়ে নাটোরের বাগাতিপাড়ার আবদুস সালাম ও মাজেদা বেগম দম্পতির মেয়ে মনিরা খাতুন এবার উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। মাধ্যমিকেও একই ফল ছিল মনিরার। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মনিরা নাটোরের বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছেন। এর আগে উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে একই ফল পেয়েছিলেন তিনি। তাঁর স্বপ্ন বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়া। মনিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কি না, সেই শঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি।

পরিবারে দুই বোনের মধ্যে ছোট মনিরা। অভাবের সংসারে মা–বাবা এইচএসসি পাসের পর বড় মেয়ে সালমা খাতুনের বিয়ে দিয়ে দেন। বাবা আবদুস সালাম একজন ভূমিহীন দিনমজুর। টিন ও বাঁশের কাঁচা ঘরেই তাঁদের বসবাস।

মনিরার বাবা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে মনিরা ছোটবেলা থেকেই পড়ালেখায় ভালো। তার পড়ালেখার জন্য আমি তেমন কিছুই করতে পারি না। সে নিজের চেষ্টায় ভালো ফল করে চলেছে। কিন্তু উচ্চশিক্ষা নিতে হলে শুধু চেষ্টা করলে তো হবে না। এখন তাকে বাড়ির বাইরে যেতে হবে। কিন্তু আমার উপার্জন দিয়ে তো সংসারে দুই বেলার খাবার জোগাড় করা মুশকিল। মনিরার বাইরে থাকা-খাওয়া ও লেখাপড়ার খরচ জোগানো আমার জন্য অসাধ্য ব্যাপার।’

মনিরা খাতুন বলেন, যত কষ্টই হোক, পড়ালেখা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন, এটা তিনি সংকল্প করেছেন। বড় হয়ে নিজের পরিবারের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।

তমালতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাজনীন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত মেধাবী মনিরা দরিদ্র পরিবারে জন্ম নিলেও অভাবী সংসারে কষ্ট করে লেখাপড়া করে ভালো ফল করেছে। দোয়া করি, সে যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজের সেবা করে।’