যত প্রভাবশালী হোক, কোনো ছাড় নয়: মেয়র রেজাউল

নগরের দক্ষিণ বাকলিয়া ইসহাকের পুলসংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের খাল পরিষ্কার ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন মেয়র।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরের পানিনিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ খালগুলোর কোনো অংশ বেদখলে থাকতে পারবে না। সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যে যত বড় প্রভাবশালী হোক, তাতে কোনো ছাড় দেওয়া হবে না।

সিএস ও আরএস জরিপ অনুযায়ী খালগুলোর সীমানা চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন মেয়র। আজ বৃহস্পতিবার সকালে নগরের দক্ষিণ বাকলিয়া ইসহাকের পুলসংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের খাল পরিষ্কার ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন মেয়র।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরের ভেতর দিয়ে প্রবহমান অনেকগুলো খাল ভূমি দস্যুদের আগ্রাসনে বিলুপ্ত হয়ে গেছে। যেগুলো এখনো প্রবহমান, সেগুলোর দুই পাশের ৮-১০ ফুটের বেশি অংশ বেদখল হয়েছে, অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এই নগরের স্বার্থেই যেকোনো মূল্যে খালের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল মুক্ত করে নাগরিক স্বস্তি নিশ্চিত করা হবে। বারবার পরিষ্কার করার পরেও কিছুদিনের মধ্যে খালগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যায় বলে মন্তব্য করেন মেয়র। তাঁর মতে, এ জন্য নগরবাসীরও দায় রয়েছে।

নগরের খালগুলোর ভেতর থেকে বাঁধ অপসারণের জন্য আবারও চট্টগ্রাম উন্নয়ক কর্তৃপক্ষের (সিডিএ) প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র। তবে প্রকল্পের কাজ চলাকালে সাময়িক ভোগান্তি হবে বলে মনে করেন তিনি।

মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, মো. নুরুল আলম ও শাহীন আক্তার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ।