যত্রতত্র আবর্জনা ফেলতে আসা ব্যক্তিদের ধরতে বসছে সিসি ক্যামেরা
ময়মনসিংহ নগরের যত্রতত্র আবর্জনা ফেলার দিন শেষ। নিষেধাজ্ঞা না মেনে যেখানে–সেখানে আবর্জনা ফেলা ব্যক্তিদের ধরতে এবার ময়মনসিংহ নগরের ৫০টি স্থানে বসছে সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে যাঁরা আবর্জনা ফেলছেন, তাঁদের শনাক্ত করে প্রথমবার সতর্ক করবে সিটি করপোরেশন। দ্বিতীয়বার একই ব্যক্তি যদি নিয়ম না মেনে আবর্জনা ফেলেন, তাহলে তাঁকে জরিমানা করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, আবর্জনা ফেলা হয় এমন ৫০টি স্থানে সিটি করপোরেশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে। আজ শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে ২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাকি ২৫টি স্থাপনের কাজ শেষ হবে। এ ব্যাপারে নগরবাসীকে সচেতন করার জন্য মাইকিং করাসহ নানাভাবে সচেতন করা হবে। এরপরও যাঁরা নিয়ম না মেনে আবর্জনা ফেলবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক আরিফুর রহমান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অনেক দিন ধরেই ময়মনসিংহ নগরের জন্য একটি বড় সমস্যা। নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্ধারিত স্থানে নিজেদের বাড়ির আবর্জনা ফেলার জন্য নগরবাসীকে অনেকবার অনুরোধ করা হয়েছে। মাইকিং করা ছাড়া কেবল টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা, এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কিন্তু কোনোভাবেই মানুষকে এ ব্যাপারে সচেতন করা যাচ্ছে না। অনেক সময় আবর্জনা ফেলা ব্যক্তিদের হাতেনাতে ধরতে পারে না সিটি করপোরেশন। যে কারণে ফাঁকি দিয়ে নির্ধারিত স্থানের বাইরে অনেকেই আবর্জনা ফেলেন। এবার এমন ব্যক্তিদের হাতেনাতে ধরতে সিটি করপোরেশন সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে।
এসব ক্যামেরার মাধ্যমে যাঁরা আবর্জনা ফেলছেন, তাঁদের শনাক্ত করে প্রথমবার সতর্ক করবে সিটি করপোরেশন। দ্বিতীয়বার একই কাজ করলে তাঁকে জরিমানা করা হবে।
সিটি করপোরেশন সূত্র আরও জানায়, নগরের প্রতিটি এলাকায় বাসাবাড়ির আবর্জনা ফেলার নির্ধারিত স্থান রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে ওই সব নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে বলা আছে। প্রত্যেক নাগরিক এ নিয়ম মেনে চললে আবর্জনা ব্যবস্থাপনার কাজ সহজ হবে এবং নগর পরিচ্ছন্ন থাকবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক বলেন, ‘নগরীকে পরিচ্ছন্ন রাখতে এবার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের আশা, নাগরিকেরা নিয়ম মেনে, নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত স্থানেই আবর্জনা ফেলবেন। এতে ময়মনসিংহ নগর পরিচ্ছন্ন থাকবে।’