রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
যত্রতত্র বর্জ্য ফেলে রাখায় ভোগান্তি, স্বাস্থ্যঝুঁকি
ভবনের পেছনে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার নিয়ম। কিন্তু হাসপাতালের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আবর্জনা ও চিকিৎসা বর্জ্য ফেলা হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে হাসপাতাল প্রাঙ্গণে ফেলা হচ্ছে। চিকিৎসা বর্জ্য আলাদাভাবে ফেলার নিয়ম থাকলেও, তা মানা হচ্ছে না। পর্যাপ্ত ডাস্টবিন না থাকার কারণে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্টসহ নানা বর্জ্য ফেলছেন রোগীর স্বজনেরা। এসব আবর্জনার কারণে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাঁদের স্বজনেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
গতকাল মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন চত্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাসপাতাল সূত্র জানায়, এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন এর দ্বিগুণ রোগী ভর্তি থাকেন। ভবনের পেছনে একটি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার নিয়ম থাকলেও, হাসপাতাল চত্বরের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ময়লা-আবর্জনা ও মেডিকেল বর্জ্য ফেলা হয়েছে।
সরেজমিন দেখা যায়, হাসপাতাল ভবনের পেছনে নতুন ভবনের সামনে, সাইকেল গ্যারেজের উল্টো দিকে, পূর্ব গেটের প্রবেশমুখসহ হাসপাতাল চত্বরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। রোগীর স্বজন সোহানুর রহমান বলেছেন, এত বড় হাসপাতালে ময়লা ফেলার স্থান হলো একটি। তা-ও আবার ভবনের পেছনে। সেখানে যাওয়াই যায় না। কেননা, ওই ডাস্টবিনের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। তাই বাধ্য হয়ে অনেকে সুযোগ বুঝে যেখানে-সেখানে ফেলেন।
হাসপাতাল ও সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশন প্রিজম বাংলাদেশ নামের একটি সংস্থার মাধ্যমে মেডিকেল বর্জ্য অপসারণ করে। ২০০৮ সালের চিকিৎসা বর্জ্য বিধিমালা আইন অনুযায়ী মেডিকেল বর্জ্য পাঁচ প্রকার। সেগুলো হলো সংক্রামক, ধারালো, পুনঃচক্রায়নযোগ্য, তরল ও সাধারণ। এসব বর্জ্য ফেলার জন্য পৃথক পৃথক পাঁচ রঙের ডাস্টবিন ব্যবহার করার নিয়ম রয়েছে। কিন্তু হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের পেছনে ওই একটি স্থানেই সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। ডাস্টবিনে পৃথক করে এসব বর্জ্য ফেলা হচ্ছে না।
রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজানুর রহমান বলেন, ২০০৮ সালে চিকিৎসা বর্জ্য বিধিমালা আইন হয়েছে। সে থেকে চেষ্টা করা হচ্ছে বর্জ্য অপসারণের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে উঠুক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা পাওয়া যায় না। এমনকি এ বিষয়ে যোগাযোগের জন্য হাসপাতালের পক্ষ থেকে একজন ‘ফোকাল পারসন’ দেওয়ার কথা থাকলেও, তা-ও দেওয়া হয়নি। ফলে বর্জ্য অপসারণে নানা ধরনের সমস্যা হচ্ছে।
হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান আছে। হাসপাতাল চত্বরে কোথাও ময়লা-আবর্জনার স্তূপ থাকার কথা নয়। তারপরও যদি নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও বর্জ্য পড়ে থাকে, তা তদারক করে ব্যবস্থা নেওয়া হবে।
বর্জ্য ফেলার একাধিক স্থানে পর্যাপ্ত ডাস্টবিন না থাকা এবং চিকিৎসা বর্জ্যের জন্য পাঁচ ধরনের ডাস্টবিন স্থাপন না করা বিষয়ে হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, সামনের স্বাস্থ্যবিষয়ক বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতাল চত্বরের বর্জ্য অপসারণ প্রক্রিয়া হয়তো খুব শিগগির শুরু করা সম্ভব হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বলেন, হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে বর্জ্য ব্যবস্থাপনার এ বিশৃঙ্খল অবস্থা। নির্দিষ্ট একটি জায়গায় যদি চিকিৎসা বর্জ্যসহ ময়লা-আবর্জনাগুলো ফেলার ব্যবস্থা করা হতো, তাহলে সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে পারবে। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণও অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। সবার সুস্থতার কথা চিন্তা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ দ্রুত পরিষ্কার করতে হবে।