যথাযথ সনদ ছাড়াই নিয়োগ, চলতি দায়িত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তার চাকরিবিধি অনুযায়ী সনদ না থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকর্তা বর্তমানে উপসহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করছেন। কর্মক্ষেত্রে তাঁদের এই উন্নতিও বিধিমালা লঙ্ঘন করে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, জনবল-সংকটের কারণে এসব কর্মকর্তাকে চলতি দায়িত্বে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০০০ সালে কার্যসহকারী পদে নিয়োগ পাওয়া মো. আহসান হাবিব গত বছর বেসরকারি একটি পলিটেকনিকের সিভিল বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি এ-সংক্রান্ত কাগজ গত বছরই জমা দেন। ২০০১ সালে নিয়োগ পাওয়া অপর কার্যসহকারী মো. হানিফ হোসেন টেক্সটাইল থেকে ছয় মাসের ডিপ্লোমা সনদ দিয়ে নিয়োগ পেয়েছেন। তাঁরা দুজনই বর্তমানে উপসহকারী প্রকৌশলী হয়েছেন। এ ছাড়া সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম ওরফে স্বপনকে নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদারকে করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
চলতি বছরের ১৩ জানুয়ারি, ১ এপ্রিল ও ১৪ মে সিটি করপোরেশনের পৃথক অফিস আদেশে এসব কর্মকর্তাকে এসব দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, করপোরেশনের কাজের স্বার্থে আদিষ্ট হয়ে কার্যসহকারী হানিফ হোসেনকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রকৌশল বিভাগে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে চলতি দায়িত্ব দেওয়া হলো। কিন্তু হানিফ হোসেনের জমা দেওয়া সনদ ডিপ্লোমা-ইন-টেক্সটাইলের। সিভিলের সনদ নেই। আহসান হাবিব বেসরকারি একটি পলিটেকনিকে অধ্যয়ন করছেন, এমন একটি প্রত্যয়নপত্র দাখিল করেছেন ৮ নভেম্বর ২০১৪ সালে। তাঁর কোনো প্রকৌশল সনদই নেই।
সিটি করপোরেশনের চাকরি বিধিমালায় উল্লেখ আছে, নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পানি বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং পুরকৌশল বা যন্ত্রকৌশল বা তড়িৎকৌশল বিভাগ থেকে স্নাতক হতে হবে। এভাবে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীতে উন্নতির জন্যও একই বিধান রয়েছে। কিন্তু এই নিয়ম মানা হয়নি। নির্বাহী প্রকৌশলী (পানি) মনিরুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হাওলাদার ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন। কিন্তু তাঁদের বিএসসি বা স্নাতক সনদ নেই।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হাওলাদার বলেন, ‘ডিপ্লোমা সনদ নিয়ে চাকরি হয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি নেই। তবে গেজেটে বলা আছে, পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেটা আমার আছে।’
আর পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘সরাসরি নিয়োগ হলে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ার) সনদ প্রয়োজন। আমি সহকারী প্রকৌশলী থেকে প্রমোশন পেয়েছি। আমার বেলায় গেজেটে ওই রকম উল্লেখ নেই।’
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম বলেন, নিয়ম অনুযায়ী পদোন্নতি দিতে হলে কমিটি করে তা চূড়ান্ত করতে হয়। কিন্তু যাঁদের কথা বলা হচ্ছে, তাঁরা চলতি দায়িত্বে আছেন। পদোন্নতি দেওয়া হয়নি। সনদ থাকা না-থাকার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
তবে সিটি করপোরেশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পদ শূন্য থাকা অবস্থায় কাউকে চলতি দায়িত্বে দেওয়া হয়নি। চলতি দায়িত্বে দিলে সরানো যায় না। সে ক্ষেত্রে এটি পদোন্নতি হয়ে যায়।
এসব বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, সনদ থাকা না-থাকার বিষয়টি নিয়োগের সময় যাচাই-বাছাই করা উচিত ছিল। যাঁরা নিয়োগ দিয়েছেন, তাঁরাই এটা বলতে পারবেন। তবে বর্তমানে কাজ চালিয়ে নেওয়ার জন্য এসব নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই কথা বললেন মেয়র আহসান হাবিব কামালও। তিনি বলেন, মন্ত্রণালয়ে জনবল চাওয়া হয়েছে। জনবল দিতে পারছে না। তাই আগে নিয়োগ হওয়া জনবল দিয়ে কাজ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।