যবিপ্রবির জিনোম সেন্টারে করোনার পরীক্ষা শুক্রবার থেকে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার গবেষণাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার থেকে। আজ বৃহস্পতিবার বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। নমুনা পেলেই আমরা শুক্রবার থেকেই করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু করতে পারব।’
আনোয়ার হোসেন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এর বেশি নমুনা পরীক্ষার সক্ষমতা ও জনবল রয়েছে। তবে এটা নমুনা সরবরাহের ওপর নির্ভর করবে। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে ৪০০টি কিট, ২০০টি চিকিৎসা সুরক্ষা সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সম্পূর্ণ ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ অনুসরণ করে করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। ইতিমধ্যে জিনোম সেন্টারের সব যন্ত্রের ফিটনেস পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।
ব্রিফিংয়ে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, শুধু যশোর নয়, পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের রোগীদের নমুনাও এই পরীক্ষাগারে এনে পরীক্ষা করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তা পাঠানো হবে। পরীক্ষাগারে কোনো রোগী সরাসরি আসার দরকার নেই।
জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় (বিএসএল-২) সতর্কতা অবলম্বন করা হবে। এখানে করোনা সন্দেহভাজন কোনো রোগী আসবে না। ফলে বিশ্ববিদ্যালয় বা এর আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির কোনো আশঙ্কা নেই।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন করোনাভাইরাস পরীক্ষাকরণ দলের সদস্য মো. নাজমুল হাসান, শিরিন নিগার, তানভীর ইসলাম, সেলিনা আক্তার, হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাস চন্দ্র রায়, রুবাইতুল আলম, সাজিদ হাসান, মো. রেহেনেওয়াজ, মো. আরিফুজ্জামান প্রমুখ।