যমজ সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই চান রুমা
অন্তঃসত্ত্বা রুমা আক্তারকে (৩০) একা ফেলে গিয়েছিলেন তাঁর স্বামী। পরে কোনো উপায় না পেয়ে রেলওয়ে জংশনে আশ্রয় নেন রুমা। এমনিতেই নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, এর মধ্যে তাঁর কোলজুড়ে এসেছে দুই যমজ ছেলে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি দুটি যমজ সন্তানের জন্ম দেন। তবে এখন মাথা গোঁজার ঠাঁই ও যমজ দুই সন্তানের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন রুমা।
রুমা আক্তারের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। পারিবারিক কলহের কারণে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে যান রুমা। এরপর রাস্তাঘাটে ঘুরেই বেড়ে উঠেছেন তিনি। কয়েক বছর আগে হবিগঞ্জের দিনমজুর ইব্রাহিম মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে মেয়েশিশু জন্ম নেয়। স্বামীকে নিয়ে আখাউড়ার খড়মপুর এলাকায় রুমা একটি ভাড়া বাসায় থাকতেন। তবে কয়েক মাস আগে মেয়েসন্তানকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বলছে, এই মুহূর্তে রুমাকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালে তাঁকে বেশি দিন রাখা সম্ভব হবে না। কারণ নির্ধারিত সময়ে তাঁকে ছাড়পত্র দিতে হবে। তবে দুই সন্তানসহ রুমা এখন ভালো আছেন।
রুমা আক্তার বলেন, আখাউড়ার খড়মপুরে এসে স্বামী ও এক মেয়েসন্তান নিয়ে একটি ভাড়া বাসায় তাঁদের ভালোই দিন কাটছিল। তবে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর মেয়েকে নিয়ে তাঁর স্বামী অন্যত্র চলে যান। তেমন আয়রোজগার না থাকায় ভাড়া বাসা ছেড়ে আখাউড়া রেলস্টেশনে থাকতেন তিনি।
রুমা আক্তার বলেন, ‘অন্যের কাছে হাত পেতে আমার দিন চলত। স্টেশন এলাকায় সুমি আক্তার নামের এক মহিলাকে মা ডাকি। ওই রাতে আমার ব্যথা উঠলে তিনিই আমাকে হাসপাতালে নিয়ে আসেন। স্বামী এখন কোথায়, জানি না। ছোটবেলা থেকেই মা–বাবার আদর পাইনি। আমাদের পাঁচ বোনের মধ্যে এক বোন মারা গেছে। বাকিদের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই।’
রুমা তাঁর দুই ছেলের নাম রেখেছেন হাসান ও হোসেন। কিন্তু হাসপাতাল থেকে নবজাতকদের নিয়ে কোথায় যাবেন, সেটা তিনি জানেন না। তিনি উপজেলাবাসীর কাছে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানান।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার ও রোকসানা আক্তার বলেন, প্রসব করানোর সময় রুমার গর্ভে যমজ সন্তান আছে, বোঝা যাচ্ছিল। তবে কোনো পরীক্ষা-নিরীক্ষা না করানোর কারণে ওই নারী বিষয়টি জানতেন না। তবে সন্তান প্রসবের সময় বড় ধরনের কোনো জটিলতার সৃষ্টি হয়নি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারী ও তাঁর দুই নবজাতককে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। সবাই তাঁর প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল।