যমুনার দুর্গম চরের মানুষ পেলেন স্বাস্থ্যসেবা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় চরের আবদুর রহমান (৯০) বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। চোখেও সমস্যা তাঁর। কিন্তু দুর্গম চরে চিকিৎসাকেন্দ্র নেই। চিকিৎসক দেখাতে যেতে হয় সারিয়াকান্দি বা বগুড়া শহরে। এতে যাতায়াত খরচ লাগে ৫০০ টাকা। এই টাকা জোগানোর সামর্থ্য না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এই প্রবীণ।
আজ শনিবার মানিকদাইড় চরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১৫ সদস্যের চিকিৎসক দল এলে সেখানে ছুটে আসেন আবদুর রহমান। চিকিৎসকেরা তাঁকে ব্যবস্থাপত্র ছাড়াও বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেন। চিকিৎসাসেবা পেয়ে তিনি খুশি।
শুধু রহমান নন, আজ মানিকদাইড় চরের তাঁর মতো চার শতাধিক অসহায়, গরিব, দরিদ্র অসুস্থ মানুষ বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়েছেন।
নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীন স্মরণে এবং করোনা পরিস্থিতিতে দুর্গম চরের মানুষকে সচেতন ও স্বাস্থ্যসেবা হাতের নাগালে পৌঁছে দিতে মানিকদাইড় চরে সেবাকেন্দ্র চালু করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। বগুড়ার পাশাপাশি সারা দেশে ২৬৫টি সেবাকেন্দ্রের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে এই সংগঠন।
আজ দুপুর ১২টার দিকে দুর্গম মানিকদাইড় চরের চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সামির হোসেন মিশু। বিশেষ অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া, সারিয়কান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক সম্পাদক আবদুল হান্নান, সংগঠনের সমন্বয়কারী (পুন্ড্র অঞ্চল) শাহাজাদ আলী, সারিয়াকান্দি চালুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ।
সেবাকেন্দ্রের উদ্বোধনী দিনে চালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিক মানুষকে চিকিৎসাসেবা, ওষুধ ও মাস্ক প্রদান করা হয়। তিন শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবাকেন্দ্র পরিচালনা করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুন্ড্র অঞ্চল (বগুড়া-জয়পুরহাট)। ব্যবস্থাপনায় ছিল মানিকদাইড় চরের শতদল থিয়েটার।
সেবাকেন্দ্রে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। তাঁরা চিকিৎসক সামির হোসেনের নেতৃত্বে এই ক্যাম্পে অংশ নেন।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে তারা মানিকদাইড় চর এলাকায় সেবাকেন্দ্রের কার্যক্রম শুরু করেছে। পরবর্তী সময়ে ধুনট উপজেলায় বৈশাখী চরে এই কার্যক্রম শুরু করা হবে।
সেবাকেন্দ্রে চিকিৎসাসেবা পেয়ে অনেক খুশি হয়েছেন চরাঞ্চলের বাসিন্দারা। কথা হয় চিকিৎসা নিতে আসা চরের বাসিন্দা অলেদা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘বাতের বেদনার ওষুধটা পাইয়া উপকার হলো।’
এক মাস আগে মাদারগঞ্জ বন্দরে দাঁত তুলেছিলেন শেফালি বেগম (৩০)। কিন্তু দাঁতের ব্যথা কমেনি। এই ক্যাম্পে ডাক্তার আসার কথা শুনে আসেন যমুনা নদীর মাঝের মানিকদাইড় গ্রামের এই শেফালি বেগম।
জরিনা বেগম (৪৬) নামের ওই গ্রামের এক বাসিন্দা বলেন, শহরে চিকিৎসার জন্য যেতে নদী পার হতেই সময় লাগে এক ঘণ্টা। নৌকাভাড়া লাগে ৩০০ টাকা। আরও খরচ তো আছেই। ডাক্তাররা যদি নিয়মিত চরে এসে ওষুধপত্র দিত, খুব ভালো হতো।
শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান নির্দেশিত এবং অলোক পাল রচিত বগুড়া থিয়েটারের ‘দহনকাল’ নামে একটি পথনাটক মঞ্চস্থ করা হয়।