যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে পানি ওঠায় কলার ভেলা ও নৌকা দিয়ে মানুষ চলাচল করছেন। গতকাল বিকেলে সরিষাবাড়ীর ধারাবষা এলাকায়
ছবি: শফিকুল ইসলাম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে জামালপুরে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নদীর তীরবর্তী ইসলামপুর উপজেলার চিনাডুলী, সাপধরী, বেলগাছা, পাথর্শী, কুলকান্দি, নোয়ারপাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার চিজাকাজানী, চুকাইবাড়ী, বাহাদুরাবাদ ও পৌরসভার আংশিক; মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, জোড়খালী, বালিজুড়ী এবং মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, ঝাউগড়া ও আদ্রা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত শনিবার থেকে যমুনার পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় বন্যার শঙ্কায় আছে এসব অঞ্চলের হাজারো মানুষ। এসব এলাকার ফসলি জমিও পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, ইসলামপুর-উলিয়া সড়ক পর্যন্ত পানি উঠেছে। এদিকে বামনা, পূর্ব বামনা, বামনা বাজার, দেলিরপাড়, পশ্চিম দেলিরপাড়, মাছিপাড়া ও শিংভাঙা গ্রামের বেশির ভাগ ঘরবাড়িতে হাঁটুপানি। এসব গ্রামের মানুষ এখন নৌকা দিয়ে চলাচল করছেন। অনেকে গবাদিপশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। বেশির ভাগ ফসলি জমি তলিয়ে গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে।

ডেবরাইপ্যাচ এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম কোমরপানি ডিঙিয়ে শুকনা খাবার কিনতে বাজারে যাচ্ছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে তাঁদের গ্রামে পানি ঢুকছে। তাঁর বাড়িতে এখন হাঁটুপানি। ইতিমধ্যে গ্রামের সব রাস্তাঘাট তলিয়ে গেছে। যেভাবে পানি বাড়ছে, তাতে ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা করেন তিনি।

বাড়ি থেকে রাস্তা—সব জায়াগাতেই পানি। ইসলামপুর উপজেলার চিনডুলী ইউনিয়নের ডেবরাপ্যাইচ এলাকায়
ছবি: আব্দুল আজিজ

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য সময়ের চেয়ে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। এতে যেকোনো সময় বিভিন্ন এলাকা বন্যাকবলিত হওয়ার আশঙ্কা আছে।

ইসলামপুর উপজেলার নদীর তীরবর্তী চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, বেশির ভাগ গ্রামে এখন পানি উঠেছে। অনেকের বাড়ির উঠানেও পানি। তাই অনেকেই এখন উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। পানি দ্রুত বাড়ছে।

আবদুস সালাম বলেন, ‘এ অঞ্চলের বেশির ভাগ মানুষ দরিদ্র। তারা দিন আনে দিন খায়। তাই এসব এলাকায় খাদ্যসামগ্রী সহায়তা প্রয়োজন। এক মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিলাম। সেগুলো বিতরণ করা হয়েছে। কিন্তু আরও ত্রাণসামগ্রী প্রয়োজন।’

জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী প্রথম আলোকে বলেন, মঙ্গলবার চিনাডুলী ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি উপজেলার জন্য ত্রাণসামগ্রী চাওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।