যমুনার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে রাস্তায় মানুষ
পানি বাড়ার সঙ্গে সঙ্গে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে গ্রামের অন্তত ৫০টি ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙনের শিকার হয়ে অনেক পরিবার রাস্তায় ঠাঁই নিয়েছে। হুমকির মুখে পড়ায় ভেঙে ফেলা হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পাকরুল গ্রামের হাসিবুর রহমান বলেন, উপজেলার মানচিত্র থেকে মুছে যাচ্ছে পাকরুল নামের গ্রামটি। কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে গ্রামের বসতঘর, ফসলি জমি বিলীন হয়েছে। গ্রামটির মাত্র ৩০ শতাংশ অবশিষ্ট আছে, তা-ও ভাঙনের কবলে। গ্রামের একমাত্র পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের হুমকির মুখে। গ্রামটির প্রায় এক কিলোমিটারজুড়ে ভাঙন চলছে।
ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী। তাঁরা জানান, ভাঙনের তাণ্ডবে খোলা আকাশের নিচে অর্ধশত পরিবার। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে অন্য স্থানে ছুটছে। এক বছরে ভাঙনে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে।
পাকরুল গ্রামের জমেলা বেগম (৫৫) কয়েক বছরে চারবার নদীভাঙনের শিকার হয়েছেন। এক জায়গা থেকে ঘরবাড়ি ভেঙে আরেক জায়গায় বসত নির্মাণ করেন তিনি। সেখানেও যমুনার হানা পড়েছিল। এভাবে তিনি চারবার ভাঙনের শিকার হয়েছেন। এবার ভাঙনে তাঁর বসতঘরের কাছে চলে এসেছে নদী। যেকোনো সময় ঘর বিলীন হয়ে যেতে পারে।
পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্র শিহাব আকন্দ বলে, ‘স্কুল ভেঙে ফেলা হচ্ছে। তাহলে কোথায় আমরা লেখাপড়া করব। অন্য স্থানে ছাপড়া তুলে ক্লাস হবে শুনেছি। তবে সেটাও কবে থেকে জানি না।’
জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ওই গ্রামে এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। এত বড় এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। ফলে সেখানে জিও ব্যাগ ফেলা হয়নি। স্থায়ীভাবে ভাঙন রোধে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি পাস হলেই সেখানে স্থায়ীভাবে ভাঙন রোধে কাজ শুরু হবে।