যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, তিনজনের ৫ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তোলায় তিনজনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম অভিযান চালিয়ে এ সাজা দেন। এ সময় সাতটি খননযন্ত্র অকেজো করা হয়।
জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন উপজেলার নালী এলাকার মোন্তাজ উদ্দিন, দক্ষিণ তেওতা গ্রামের ইমদাদুর রহমান ও সাতক্ষীরার তালা উপজেলার রবিউল ইসলাম।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় জাফরগঞ্জ থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায়ই যমুনা নদীতে শক্তিশালী খননযন্ত্র বসানো হয়। এসব খননযন্ত্র দিয়ে অবৈধভাবে নদীর বালু তুলে আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে বর্ষা মৌসুমে নদীতীরের বসতভিটা ও ফসলি জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে গত রোববার প্রথম আলোয় ‘১২ খননযন্ত্রে রাতে ওঠে বালু, দিনে হয় বিক্রি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে।
গতকাল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে তেওতা পর্যন্ত এলাকায় নদীতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম। তাঁদের সহযোগিতা করেন শিবালয় থানা-পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানে সাতটি খননযন্ত্র অকেজো করা হয়। এ ছাড়া বালু ব্যবসায়ী মোন্তাজ উদ্দিনকে তিন লাখ, ইমদাদুর ও রবিউলকে এক লাখ টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম। তিনি বলেন, জরিমানা দেওয়া ব্যক্তিরা অবৈধ বালুব্যবসা করবেন না বলে মুচলেকা দিয়েছেন। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।