যমুনায় ইলিশ ধরার দায়ে ৮ জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ মাছ ধরা নিষেধ। তারপরও অনেকে ইলিশ ধরছেন
প্রথম আলো ফাইল ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৮ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এই সাজা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুতও নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে রোববার রাতে দৌলতপুরের চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে জাল ও নৌকা দিয়ে ইলিশ শিকার করছিলেন স্থানীয় বেশ কয়েকজন শৌখিন মৎস্যশিকারি। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগের লোকজন নদীতে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার সকালে ওই ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ তাঁদের মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ বলেন, জব্দ করা ১৯ কেজি ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এই অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।