যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই-বোনের লাশ উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে নিখোঁজ দুই ভাই-বোনের সন্ধানে যমুনা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৭টার দিকে সারিয়াকান্দি পৌর শহরের কালীতলা খেয়াঘাটসংলগ্ন চরবাটিয়া এলাকা থেকে প্রথমে বোন নীরা আকতার (১২) ও বেলা ১১টার দিকে ভাই জিসান মিয়ার (৮) লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
গতকাল সোমবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই-বোন নিখোঁজ হয়।
সারিয়াকান্দি উপজেলার চরবাটিয়া এলাকার মশিদুল সরকারের মেয়ে নীরা আকতার ও ছেলে জিসান মিয়া। নীরা সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং জিসান ময়ূরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাজশাহী থেকে আসা ডুবুরি দল সকালে উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাতটার দিকে প্রথমে শিশু নীরার লাশ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে উদ্ধার হয় শিশু জিসানের লাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে নীরা ও জিসান যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীতে স্রোতের তোড়ে জিসান হঠাৎ করে ডুবে যেতে থাকে। এ সময় নীরা তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দুই ভাই–বোনকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তাঁরা নদীতে জাল ফেলেও দুই শিশুর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযান চালান।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ময়েজ উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শিশুর সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়।