যমুনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিলল ৪২ ঘণ্টা পর
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র এস এম মুন্না আলীর (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল যমুনা নদীর চরবাটিয়া এলাকার ডুবোচর থেকে লাশটি উদ্ধার করে।
মুন্না বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। সে বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ময়েজ উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, গত শনিবার সারিয়াকান্দিতে মা-বাবার সঙ্গে ঘুরতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে মুন্না নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় লোকদের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খোঁজাখুঁজি করে। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়।
মুন্নার মা মধু বেগম বলেন, ‘আমার ছেলে সাঁতার জানত না। পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে।’ মুন্নার ফুফু সোনিয়া আকতার বলেন, ‘গোসল করতে নামা পরিবারের কেউ সাঁতার জানে না। এ কারণে চোখের সামনে ডুবে গেলেও কেউ তাকে রক্ষা করতে পারেনি।’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।