যমুনায় জালে ধরা পড়ল ঘড়িয়াল, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার রাতে যমুনা নদীতে মাছ ধরার সময় জালে ধরা পড়ে এই ঘড়িয়াল। সোমবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিল মহিষা এলাকায় ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়
সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে বিলুপ্তপ্রায় একটি ঘড়িয়াল জালে ধরা পড়েছে। পরে আজ সোমবার ঘড়িয়ালটি নদীতে অবমুক্ত করা হয়।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিল মহিষা এলাকায় যমুনা নদীতে ইসমাইল হোসেনের জালে উঠে আসে বিলুপ্ত প্রজাতির ঘড়িয়ালটি। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। পরে উৎসুক জনতা ঘড়িয়ালটি দেখতে ভিড় জমায়। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউস’–এর চেয়ারম্যান মামুন বিশ্বাস রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে বিষয়টি জানান। তাঁর পরামর্শে চৌহালী উপজেলার বন কর্মকর্তা শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মামুন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ইসমাইল হোসেনের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করেন। পরে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মামুন বিশ্বাস প্রথম আলোকে বলেন, যমুনার চরাঞ্চলের জেলেদের সবাইকে প্রাণীর বিষয়ে সচেতন করতে হবে। গত শুক্রবারও চৌহালীতে একটি ঘড়িয়াল ধরা পড়ে। পরে সেটি যমুনা নদীতে অবমুক্ত করা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা ও সতর্কতা প্রত্যাশা করেন তিনি।