যমুনায় নৌকাডুবিতে ২ বোনের মৃত্যু, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই বোনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুজন হলো চার বছর বয়সী তানিয়া খাতুন ও তার বোন চার মাস বয়সী তাসলিমা। তারা শাহজাদপুর উপজেলার পাঁচ বাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে চৌহালী উপজেলা সদরের জোতপাড়া নৌকাঘাট থেকে নারী, শিশুসহ ১৫ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জকতলা স্কুলঘাটের দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে নদীর প্রচণ্ড স্রোতে ডুবে যায়। এ সময় নৌকার চালক ও যাত্রীদের সহায়তায় নারীসহ ১২ জন তীরে উঠে আসেন। তবে এক নারীর দুই মেয়ে ও অপর একজন নিখোঁজ হয়। সন্ধ্যায় নিখোঁজ দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অপরজনের এখনো সন্ধান মেলেনি।