যমুনায় পানি বাড়ছেই, জামালপুরে পানিবন্দী ৫০ হাজার মানুষ
জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পানিবন্দী হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল আটটার দিকে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা প্রশাসন সূত্র জানায়, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় ১ হাজার ১৪৭ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনার প্রাদুর্ভাবের পর থেকে এসব অঞ্চলের অধিকাংশ মানুষের আয়-রোজগার কমে গিয়েছিল। অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে যান। বন্যাদুর্গত এলাকার মাঠে ফসল না থাকায়, তেমন কাজকর্ম ছিল না। এর মধ্যে বন্যা যোগ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। অনেকের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে। কেউ কেউ খাবারের অভাবে চিড়া-মুড়ি খেয়েও থাকছেন বলে জানা গেছে। ইতিমধ্যে বন্যাকবলিত এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম প্রথম আলোকে বলেন, পুরো ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় আছেন। এই দুর্ভোগ চলছে পাঁচ দিন ধরে। মানুষের নেই তেমন কোনো কাজকর্ম। এসব এলাকার মানুষ দিন আনে দিন খায়। পাঁচ দিন ধরে ঘরে বসা তাঁরা। সবার খাদ্যসংকট দেখা দিয়েছে। এত মানুষের মধ্যে মাত্র ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই চাল ৪০০ বন্যার্তদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রীর প্রয়োজন। শুধু চাল দিলেই হবে না। তার সঙ্গে অন্যান্য উপকরণও দিতে হবে।
জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আলমগীর হোসাইন বলেন, বন্যার্তদের জন্য এরই মধ্যে সারা জেলায় ৩৫০ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ৪ হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে।